শামসুল আলম, ঠাকুরগাঁও :: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ১১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
এ সময় জেলা প্রশাসকের চত্বর থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে সড়কের বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ময়লা-আবর্জনার কারণে পরিবেশে মারাত্মক দূষণ সৃষ্টি হয়। এর ফলে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে এবং ডেঙ্গুর প্রকোপও দেখা দিতে পারে। তাই সচেতনতা বাড়াতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান শুরু করা হয়েছে।
এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ঠাকুরগাঁও গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন সড়ক অলিগলি এবং মহাসড়কের পাশ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাসার আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এসময় পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।














