ময়মনসিংহ মেডিকেলে শত রোগীকে ৫০ লাখ টাকার আর্থিক চেক বিতরণ

আইয়ুব আলী, ময়মনসিংহ- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসচ্ছল রোগীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১০০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন। তিনি রোগীদের হাতে সরকারী সহায়তার চেক তুলে দেন এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে অবহিত করেন। চেক বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথী বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার মতো ব্যয়বহুল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা মো জাকিউল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান (প্রশাসন), রেডিওথেরাপি বিভাগের আবাসিক চিকিৎসক, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চেক পেয়ে রোগী ও তাদের স্বজনরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।