জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি

শামসুল আলম,  ঠাকুরগাঁও :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ জাতীয় পর্যায়ে সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মালেকা মোকাররমা মলি। তাঁর এ অর্জনে জেলার শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এর আগে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিক(মহিলা) নির্বাচিত হন। বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত ফলাফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে তাঁর নাম ঘোষণা করা হয়।

রংপুর বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শহিদুল ইসলাম (এনডিসি) এবং বিভাগীয় উপ-পরিচালক ও কমিটির সদস্যসচিব আজিজুর রহমান স্বাক্ষরিত ফলাফলে মালেকা মোকাররমার শ্রেষ্ঠত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা মালেকা মোকাররমা মলি দীর্ঘ এক দশকের শিক্ষকতা জীবনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিভাগীয় পর্যায় অতিক্রম করে এবার জাতীয় পর্যায়েও তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মালেকা মোকাররমা মলি বলেন, এই সম্মান তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। তিনি এ সাফল্যের জন্য সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং
সবার কাছে দোয়া কামনা করেন।

ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু জানান, মালেকা মোকাররমা মলির এ অর্জন ঠাকুরগাঁও জেলার জন্য একটি গৌরবের বিষয়। তাঁর সাফল্য জেলার অন্যান্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।