ঠাকুরগাঁওয়ে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন
শামসুল আলম,ঠাকুরগাঁও:: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সাত দিনব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন।
উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ, দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, ঠাকুরগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুনসহ জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে তারা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সাত দিনব্যাপী এ বৃক্ষমেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি নার্সারি ও প্রতিষ্ঠান ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রি করছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।