নেছারাবাদে জেলা তথ্য অফিসের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

এস এম মাসুম হোসেইন , পিরোজপুর ::  ‎ব্যবসার স্থান যেন  এডিস মশার জন্মস্থান না হয় সেদিকে সতর্ক থাকার জন্য নার্সারি মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
‎তিনি শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠিতে নার্সারি মালিক ও শ্রমিকদের সাথে ‘ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপ’-এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউনিসেফ বরিশালের সহযোগিতায় জেলা তথ্য অফিস পিরোজপুর এই সংলাপের আয়োজন করে।
‎জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রশাসন) এম এ মোমেন উপস্থিত ছিলেন।

‎মহাপরিচালক বলেন, নার্সারি একটি পবিত্র ব্যবসা। এই ব্যবসায় মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। তাই নার্সারির অভ্যন্তরে অজ্ঞানতাবশত পানি জমিয়ে রেখে ডেঙ্গু রোগের বাহক মশার জন্মস্থান যেন না বানিয়ে ফেলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে ডেঙ্গু মোকাবিলায় সরকারের নানাবিধ উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে রোগী বৃদ্ধির হার কমতে শুরু করেছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচাইতে বেশি প্রয়োজন জনসচেতনতা। নিজের বাড়ি, পেশাগত প্রতিষ্ঠানসহ আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব প্রথমে নিজেদেরকেই নিতে হবে। ডেঙ্গু মোকাবিলায় জেলা তথ্য অফিস সড়ক প্রচার, লিফলেট বিতরণ, কমিউনিটি সংলাপ, চলচ্চিত্র প্রদর্শনসহ নিয়মিত নানামূখী সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবার তথ্যও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে মাঠ পর্যায়ের অফিসগুলো ইউনিসেফের সহায়তায় ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোতে যুবক সম্প্রদায়কে সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।

‎এসময় মহাপরিচালক ডেঙ্গু রোগের মূল কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।
‎পরে তিনি নার্সারি এলাকা ও আশেপাশে বিডি ক্লিনকে সাথে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। শেষে অলংকারকাঠির মহাসড়কে পিরোজপুর জেলা তথ্য অফিসের  উদ্যোগে এক র‍্যালিতে তিনি নেতৃত্ব দেন।