কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার গাড়িবহরে হামলা

নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া::  কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে বর্বরোচিত ও অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

রবিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা জামায়াতের স্থানীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি লিখিত বক্তব্যে জানান, নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে ‘গণ অধিকার পরিষদ’-এর চিহ্নিত কিছু সন্ত্রাসী তাঁর গাড়িবহরে হামলা চালায়। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং শান্ত কুষ্টিয়াকে অশান্ত করার ও তাঁর গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত।

মুফতি আমির হামজা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করাই আমার দায়িত্ব। প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা প্রমাণ করে তারা সমাজের ও কুষ্টিয়াবাসীর শত্রু।”

সংবাদ সম্মেলন থেকে সংসদ সদস্য প্রধান তিনটি দাবি ও হুঁশিয়ারি তুলে ধরেন: হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।
সংসদ সদস্য কুষ্টিয়াবাসীকে শান্ত ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান। তবে প্রশাসন যদি দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনে, তবে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সাথে নিয়ে রাজপথে এর কড়া জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।