কালীগঞ্জে গার্ল গাইডসের দীক্ষা ও ব্যাজ পরীক্ষা অনুষ্ঠিত
লালমনিরহাট :: লালমনিরহাটের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হলদে পাখি ঝাঁকের গাইডদের দীক্ষা অনুষ্ঠান ও নৈপুণ্যসূচক ব্যাজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তুষভান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুষভান্ডার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমিন, জেলা কোষাধ্যক্ষ শারমিন আরা হক, উপজেলা কমিশনার হোসনে মাহবুবা বেগম ও সাধারণ সম্পাদক খুরশিদা আখতারা।
দীক্ষা অনুষ্ঠানে গার্ল গাইডদের আইন, প্রতিজ্ঞা ও নীতি অনুসরণ করে চলার শপথবাক্য পাঠ করান প্রশিক্ষক সুমাইয়া তাবাচ্ছুম ও তানিয়া আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্ল গাইডসের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবোধসম্পন্ন, চরিত্রবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন, সমাজসেবা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি করে এসব কার্যক্রম।
বক্তারা আরও বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা গড়ে উঠলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গার্ল গাইডসের বিভিন্ন স্তরের সদস্যরা অংশ নেন।