খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ
খুলনায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে টিম রূপালী বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা এলাকার খুলনা টার্ফে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতা ও সৌহার্দ্যের দারুণ এক মিলনমেলা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ্য। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ৪-২ গোলে হারিয়ে জয় তুলে নেয় টিম রূপালী বাংলাদেশ।
জয়ী দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সোহাগ দেওয়ান। তিনি করেন জোড়া গোল। দলের হয়ে বাকি দুটি গোল করেন হাবিবুর রহমান ও কামাল হোসেন।
অন্যদিকে প্রতিপক্ষ দলের হয়ে দুটি গোল করেন মোহাম্মদ আলী সানি ও তানজিম আহমেদ। গোলের ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রূপালী বাংলাদেশের শক্ত প্রতিরোধ ভাঙতে পারেনি তারা।
টিম রূপালী বাংলাদেশের হয়ে মাঠে নামেন হাসানুর রহমান তানজির, আবু তৈয়ব মুন্সী, সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, ইয়াসিন আরাফাত রুমি, শামসুদ্দিন দোহা, শেখ আল এহসান, এম এ জলিল, নাজমুল হক পাপ্পু, সোহাগ দেওয়ান, বেল্লাল হোসেন সজল, নুরুল আমিন, হাবিবুর রহমান ও কামাল হোসেন।
অপরদিকে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে ছিলেন মোহাম্মদ মিলন, মাকসুদ আলী, তানজীম আহমেদ, মেহেদী হাচান, মহেন্দ্রনাথ সেন, মো. আনিসুজ্জামান, মাহমুদ হাসান সোহেলসহ দলের অন্যান্য খেলোয়াড়রা।
ম্যাচ পরিচালনা করেন রেফারি বিমল সাহা। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দুই দলের পরিবারের সদস্যরাও। তাদের উপস্থিতিতে প্রীতি ম্যাচটি পরিণত হয় সাংবাদিকদের মিলনমেলায়।
পেশাগত জীবনের ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সম্প্রীতি বাড়াতে আয়োজিত এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।