শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

আইয়ুব আলী ময়মনসিংহ::  ময়মনসিংহে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ।

মতবিনিময় সভায় প্রধান অতিথী বলেন, শিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সংখ্যা এবং কারিকুলাম সবই বাড়ছে ও আধুনিকায়ন হচ্ছে। কিন্তু এর সঙ্গে শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। শুধু পরীক্ষায় ভালো ফলাফল বা সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষার মাধ্যমে মানুষের আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর।

প্রধান শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক বলেন, মনিটরিং শুধু তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকলে তা কার্যকর মনিটরিং নয়। মনিটরিংয়ের মাধ্যমে প্রথমে নির্ধারিত লক্ষ্য ও বাস্তব অবস্থার পার্থক্য বা গ্যাপ চিহ্নিত করতে হবে, এরপর কেন সেই গ্যাপ তৈরি হয়েছে তা অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রত্যেক শিক্ষার্থী কোথায় দুর্বল, কেন দুর্বল এবং কীভাবে সেই দুর্বলতা দূর করা যায় তা ধারাবাহিকভাবে মূল্যায়ন করতে হবে।
‘ক্লিন সানডে’ কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য শুধু বিদ্যালয় পরিষ্কার করা নয় বরং ছোটবেলা থেকেই তাদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি করা।
তিনি আরও বলেন, ময়মনসিংহকে শিক্ষা নগরী হিসেবে পরিচিত করা হয়। এ পরিচিতি ধরে রাখতে হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।পাঠ্যপুস্তক ও পরীক্ষার ফলাফলের বাইরে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষক, প্রধান শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার একশ চল্লিশ জন প্রধান শিক্ষকরা অংশ নেন। এ সময় তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষণ পদ্ধতি ও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন।