ময়মনসিংহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

আইয়ুব আলী ময়মনসিংহ ::  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮, ১৯ ও ৩১ নম্বর ওয়ার্ডে প্রথম দফায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য সমাজসেবা বিভাগের উদ্যোগে তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, বিভাগীয় সমাজসেবা পরিচালক শামছুন নাহার, উপ-পরিচালক রাজু আহমেদ এবং জেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, “তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, খানা তথ্য ভান্ডার এবং তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কর্মীগণকে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কর্মীগণ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরজমিনের তথ্য সংগ্রহ করবেন এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে ইনপুট করবেন।

 

এটি কার্যকরভাবে সম্পন্নের লক্ষ্যে মোবাইল সিম কার্ড সংগ্রহ, নেটওয়ার্ক বেইজড সাইবার সিকিউরিটি Workforce Management Network Operation Center (NOC) Room স্থাপন ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।পিএমটি পদ্ধতিতে ডেটাবেইজ হতে যোগ্য উপকারভোগী নির্বাচন সম্পন্ন হবে। ”

তিনি বলেন, “বর্তমান অর্থ বছরে নতুন ৪০ লক্ষ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থ বছরে যোগ্য সকল নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনা হবে। “