ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শামসুল আলম, ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা ফয়সল আমীন শনিবার বিকেলে রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিবৃন্দকে। অনুষ্ঠানে সেনুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাজমুল হক সুমন, এলজিইডি, ঠাকুরগাঁও-এর নির্বাহী প্রকৌশলী জনাব সফিউল আলম, রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত হলে এই ইউনিয়নের মানুষকে আর দূর-দূরান্তে গিয়ে সেবা নিতে হবে না। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ভিজিডি-ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সরকারি সেবা এখন এক ছাদের নিচে পাওয়া যাবে।তিনি আরও বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হচ্ছে। সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সেই উন্নয়নেরই একটি মাইলফলক হয়ে থাকবে।
তিনি নির্মাণকাজে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সেজন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও
প্রকৌশলীদের সতর্ক থাকার নির্দেশ দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার আহব্বান জানান।