লালমনিরহাটে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীনবরণ
লালমনিরহাট :: লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্যও তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায় বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষ, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই কলেজের অন্যতম লক্ষ্য। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সাদেকী। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
এ সময় কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল হক, বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ধীরাজ কুমার রায়, মো. শরিফুল রহমানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর ২১টি ইভেন্টে বিজয়ী ৬৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।