দারুল হিকমাহ মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ

মুলাদী (বরিশাল) :: বরিশালের মুলাদীতে দারুল হিকমাহ মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও তৃতীয় টিউটোরিয়াল পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ পাসের সাফল্য প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১০০ জন এ+, ৫০ জন এ এবং ৩০ জন এ- গ্রেড অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), মুলাদী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. কবির হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তান প্রতিটি অভিভাবকের অমূল্য সম্পদ। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সন্তানকে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর পাশাপাশি তার পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে পড়ালেখার ক্ষতি এড়াতে মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে অধ্যক্ষ কবির হোসেন খান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আদর, স্নেহ ও ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। একজন আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের শ্রেণিকক্ষে যথাযথ প্রস্তুতি নিয়ে প্রবেশ করতে হবে এবং পাঠদানের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতায় প্রতিষ্ঠানটি একসময় জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি দীদার মাহদী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করানোই প্রতিষ্ঠানের লক্ষ্য নয়; বরং কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানে দক্ষ একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই তাঁদের মূল প্রত্যয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

উপাধ্যক্ষ মুহাম্মদ বেলাল হোসাইন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পাঠ্যবিষয়ে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

শিক্ষার্থীদের বহুমুখী পরিবেশনায় মুগ্ধ অতিথি-অভিভাবকরা

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ ও বৈচিত্র্যময় পরিবেশনা। এতে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, আরবি ভাষায় বক্তৃতা এবং ইংরেজিতে আত্মপরিচিতি উপস্থাপন করে। এসব পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন চর্চা, ইসলামী সংস্কৃতির প্রতি অনুরাগ, ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীল প্রতিভার পরিচয় ফুটে ওঠে।

বিশেষ করে আরবি ভাষায় বক্তৃতা এবং ইংরেজিতে সাবলীলভাবে আত্মপরিচিতি উপস্থাপনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বহুমুখী দক্ষতা উপস্থিত সুধীজনের প্রশংসা অর্জন করে। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের পরিবেশনায় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরলক্ষ্মীপুর সিনিয়র মাদরাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা সালাহউদ্দিন কাওছার, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মো. রাকিবুল হাসান, মুলাদী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই, মুলাদী ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপক রুহুল আমিন বিশ্বাস এবং পৈক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর।

এ ছাড়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি দীদার মাহদী, উপাধ্যক্ষ মুহাম্মদ বেলাল হোসাইন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের মেধা, মনন ও নৈতিক বিকাশে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ফলাফল প্রকাশ, শিক্ষার্থীদের পরিবেশনা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।