নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
নেত্রকোনা :: নেত্রকোণা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প”কাজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের পিছনে মগড়া নদীর পাড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,নেত্রকোণা এই উদ্বোধন কাজের আয়োজন করে। নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু প্রমুখ। প্রধান অতিথি হিসেবে ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন,নদী হলো এক জীবন সত্বা। নদী বাচঁলে বাংলাদেশ বাচঁবে। নদীর নাব্যতা রক্ষা ও স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে বর্তমান সরকার নদী খননের কাজ শুরু করেছে। যত প্রভাবশালী ব্যাক্তিই হোক না কেন। কাউকে নদী দূষন ও দখল করতে দেয়া হবে না। তিনি নদী খননের মাধ্যমে নদীকে পুনরুজ্জীবিত করন, নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীর নাব্যতা বৃদ্ধি করে কৃষি কাজে সেচের সুবিধা বৃদ্ধি এবং সারা বছর গৃহস্থালি কাজ কর্মে নদীর পানি ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, মগড়া নদী পুনরুজ্জীবিত করন প্রকল্পের আওতায় ৪৮ কোটি ৪৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ৭টি প্যাকেজের মাধ্যমে ৪১ কিলোমিটার নদী খনন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে নদী খননের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।