আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা:ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
আইয়ুব আলী ময়মনসিংহ:: ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টাংগাইল জেলার মোঃ মনির হোসেন (২৩) মোঃ জিল্লুর রহমান জনি (২৭) মোঃ মজনু (২৬)ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোঃ তানভীর আহম্মেদ (২৫) মোঃ নাঈম মন্ডল (২৪) ফুলপুরের মো রাকিব (২০) রবিশাল জেলার মোঃ মাসুদ আল মারুফ (২৫)। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
অভিযানকালে প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।