ময়মনসিংহ নারীকে ব্ল্যাকমেইল করে বিশ লাখ টাকা নিয়ে ধরা আশরাফুল
আইয়ুব আলী, ময়মনসিংহ:: ময়মনসিংহে ড্রাইভিং প্রশিক্ষণের আড়ালে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ আশরাফুল আলম (৩০) কে গ্রেফতার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ।
আজ সন্ধায় ময়মনসিংহ এসআরবি মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় এই খবর নিশ্চিত করা হয়েছে। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা রয়েছে । ময়মনসিংহ এসআরবি মিডিয়া শাখার সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা এই খবর নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ এসআরবি মিডিয়া শাখা পাঠানো বার্তায় জানা যায়, ২০২১ সালে পেশায় গাড়িচালক আশরাফুল আলমকে ভুক্তভোগী নারীকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণ চলাকালে কৌশলে ভুক্তভোগী নারীর সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে আশরাফুল এবং গোপনে তার কিছু আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমকে জিম্মি করে ফেলে । লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারী ধাপে ধাপে আশরাফুলকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন। একপর্যায়ে ভিকটিম তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করলে ক্ষিপ্ত হয়ে ওঠে আশরাফুল। পরে আপত্তিকর ছবি ও ভিডিও ভিকটিমের স্বামীর অফিস সহকারীর মোবাইলে পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভিকটিমের সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ ও হত্যার হুমকিও দিতে থাকে। উক্ত ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ২৫ নভেম্বর বাদী হয়ে ময়মসিংহ কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহ। এরই ধারাবাহিকতায় উক্ত কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে কোতোয়ালী থানার বয়ড়া ছালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেফতার করে। এ সময় ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।