মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):: নরসিংদীর রায়পুরা উপজেলা সদর থেকে জেলা শহরে যাতায়াতের প্রধান সড়কের হাসনাবাদ বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে সড়কটি দখলমুক্ত করা হয়।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নিজে উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন। অভিযানে প্রশাসনিক সহায়তা প্রদান করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরা-আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সড়কের দুই পাশ দখল করে দোকানপাট এবং অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা ও সিএনজি রাখার ফলে দিনভর তীব্র যানজট লেগেই থাকতো। এতে জেলা শহরে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হতেন। রায়পুরা-নরসিংদী সড়কটি সংস্কার ও চার লেনে সম্প্রসারণের লক্ষে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে কয়েকদিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় শনিবার একটি এক্সক্যাভেটর (ভেকু) নিয়ে প্রশাসন অভিযানে নামে।
অভিযান চলাকালে এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, “নরসিংদী থেকে রায়পুরা পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে চার লেনের সড়ক নির্মাণ করা হবে। হাসনাবাদে রেলওয়ের জায়গা দখল করে অনেক দোকানপাট নির্মাণ করা হয়েছিল, যার ফলে সড়ক ও জনপদ বিভাগ কাজ করতে পারছিল না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাস্তা দখল করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল; আজ সেগুলো উচ্ছেদ করে রাস্তার কাজের পথ সুগম করা হচ্ছে।”
অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোতায়েন থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। দীর্ঘ কয়েক বছর পর জনগুরুত্বপূর্ণ এই বাজারটিতে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক সম্প্রসারণ করায় স্থানীয় বাসিন্দা এবং সাধারণ যাত্রীরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন।













