নেত্রকোণা:: বাংলা নববর্ষ বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও চেতনার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নবায়ন, সম্প্রীতি ও সম্মিলনের বার্তা নিয়ে প্রতিবছরের মতো এ বছরও নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্যাপিত হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাস পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। লাল-সাদা রঙের বর্ণিল উপস্থিতি, ঢাকের ছন্দ, আর উৎসবমুখর পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ।
সকাল ১০টায় স্থায়ী ক্যাম্পাসের স্পোর্টস সেন্টারে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে পরিবেশিত হয় সংগীত ও কবিতা আবৃত্তি, যেখানে আনন্দের উচ্ছ্বাসের পাশাপাশি অনুরণিত হয় এক গভীর অন্তর্গত অনুভব—পুরোনোকে বিদায় আর নতুনকে আহ্বানের।
দুপুর ১২টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শুরু হয় পান্তা পরিবেশন। পান্তা ভাত, নানান পদের ভর্তা ও পোড়া মরিচের গন্ধে মুখরিত হয়ে ওঠে স্পোর্টস সেন্টার। বৈশাখী বৈঠকে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে—হাসি, গল্প, আর আন্তরিকতার এক অনন্য সম্মিলন ঘটে সেখানে। দুপুর ১টায় দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।













