মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা:: বরগুনার পাথরঘাটায় গাঁজা উদ্ধারের ঘটনায় সামারি ট্রায়ালের মাধ্যমে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকার মৃত রাখাল মিস্ত্রীর ছেলে সঞ্জীব (৪৩)।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) পাথরঘাটা থানা পুলিশ অভিযুক্তকে ১২ গ্রাম গাঁজাসহ আটক করে পাথরঘাটা আদালতে সোপর্দ করে। পরে সামারি ট্রায়ালে সময় গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন।
তিনি আদালতকে জানান, তার পানের বরজে কর্মরত শ্রমিকরা গাঁজা ছাড়া কাজ করতে চায় না। এজন্য তিনি শ্রমিকদের সেবনের উদ্দেশ্যে গাঁজা ক্রয় করেছিলেন।
আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মামলার উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং উল্লেখিত দণ্ডাদেশ প্রদান করেন।
পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ পনির শেখ সামারি ট্রায়াল পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য জেলার ন্যায় বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটগণ এবং পাথরঘাটা ও আমতলী চৌকি আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটগণ নিয়মিতভাবে সামারি ট্রায়াল পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখছেন।















