এস এম মাসুম হোসেইন ,পিরোজপুর:: তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সচেতনতামূলক ‘টাউন হল মিটিং’। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র্যাব-৮, বরিশালের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে র্যাব-৮-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে অপরাধ দমনে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। সভায় প্রধান আলোচনায় অংশ নেন র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ এবং র্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, ইমাম ও ধর্মীয় প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং তরুণদের সোনালী ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল আইন প্রয়োগ করে এসব সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে তাদের নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে ব্যস্ত রাখার ওপর জোর দেন তারা।
সভায় শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা এবং আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অপরাধ দমনে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি র্যাব-৮-এর পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে ২৪ ঘণ্টা পাশে থাকার দৃঢ় আশ্বাস দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেন। তারা সামাজিক অবক্ষয় রোধে র্যাব-৮-এর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে নিয়মিত এমন সচেতনতামূলক সভা আয়োজনের আহ্বান জানান।
সভা শেষে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে র্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।















