শামসুল আলম,ঠাকুরগাঁও :: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য সড়ক র্যালিটি বের হয়। র্যালির আগে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে বেলুন উড়ানো হয়। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের তাৎপর্য ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।
সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে মৎস্য খাতের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।















