মনিকা রানী বিশ্বাস, রায়পুরা:: রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। এ আয়োজনকে ঘিরে উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন ও নানা সাজসজ্জায় বর্ণিল রূপ নিয়েছে রায়পুরা।
উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ ম্যারাথনে দেশ-বিদেশের প্রায় এক হাজার রানার অংশ নেওয়ার কথা রয়েছে। ম্যারাথনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আয়োজন সফল করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও আয়োজকরা বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করছেন। পুরো রায়পুরা যেন এখন অপেক্ষায়—একটি প্রাণবন্ত, আনন্দমুখর ও ব্যতিক্রমী ক্রীড়া আয়োজনের।















