দুর্গাপুর (রাজশাহী):: রাজশাহীর দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজায় সার্বিক আবহ, কঠোর শৃঙ্খলা, উৎসবের আমেজ এবং দৃষ্টিনন্দন সাজসজ্জায় চমৎকার আয়োজনের স্বীকৃতিস্বরূপ “দুর্গাপুর সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির”, “নান্দীগ্রাম সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির” এবং “গুনাজীপাড়া অস্থায়ী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির”কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

৪ নভেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী মণ্ডপ কর্তৃপক্ষের হাতে এই পুরস্কার তুলে দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপূজা চলাকালীন মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সাজসজ্জার নান্দনিকতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের সার্বিক দিক বিবেচনা করে একটি মূল্যায়ন কমিটির মাধ্যমে এই তিন মণ্ডপকে নির্বাচিত করা হয়।
পুরস্কার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বিজয়ী মণ্ডপ কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “দুর্গাপুরের প্রতিটি মণ্ডপেই অত্যন্ত চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হয়েছে। তবে শৃঙ্খলা, সাজসজ্জা ও উৎসবের আমেজ ধরে রাখায় এই তিনটি মণ্ডপ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই স্বীকৃতি আগামীতে অন্যান্য মণ্ডপগুলোকেও আরও সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনে উদ্বুদ্ধ করবে।”















