রাজশাহীর:: রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে পুকুর খনন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি এস্কেভেটর (ভেকু মেশিন) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
১৫ আগস্ট (শনিবার) দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলার ২ নং কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কয়ামাজমপুর গ্রামে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি)লায়লা নূর তানজু জানান, অভিযান পরিচালনাকালে জব্দকৃত মাটি কাটার ৪টি এস্কেভেটর ঘটনাস্থল থেকে পরিবহনের সুযোগ না থাকায়, সেগুলো যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।
উক্ত অবৈধ খনন কার্যক্রম পরিচালনা করার অপরাধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এর ১১, ১২ ও ১৩ ধারা অনুযায়ী জারজিস হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে বালু বা মাটি কাটা বন্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দুর্গাপুরে যোগদানের পরথেকে পুকুর খননরোধে লাগাতার অভিযান পরিচালনা করে সিন্ডিকেটের আতঙ্কে পরিনত হয়েছেন, সহকারী কমিশনার ভূমি লায়লা নূর তানজু।















