আইয়ুব আলী ময়মনসিংহ :: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন ময়মনসিংহ জেলার নবনির্বাচিত ২ সংসদ সদস্য। তারা হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো: ইয়াসের খান চৌধুরী। তারা উভয়েই ময়মনসিংহে দ্বিতীয় প্রজন্মের দুই সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রী সভায় শপথ গ্রহন করেন তারা।
এর মধ্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের।
সূত্র জানায়, পারিবারিক সূত্রে এ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দু’জনই সাবেক সাংসদ পুত্র। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো: ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের সংসদ সদস্য। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরীর পিতার নাম মো: আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন।
দীর্ঘদিন পর দুই জন প্রতিমন্ত্রী পেয়ে নির্বাচনী এলাকার জনগন মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ব্যক্তিগত আলাপ চারিতায় দুই প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রোডম্যাপ অনুয়ারী তারা এলাকার উন্নয়ন এবং বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করবেন।














