আইয়ুব আলী ময়মনসিংহ – ময়মনসিংহের নান্দাইলে এক মাদককারবারির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। হামলার পর পালিয়েছে মাদক কারবারি পরিবার। আজ দুপুর পৌনে তিনটার দিকে এই ঘটনাটি ঘটেছে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। নান্দাইল থানার ওসি মো আজাহারুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, উপজেলার সিংরইল ইউপির উদং গ্রামের আল আমিন শেখ(৬৫) একজন তালিকাভুক্ত মাদক কারবারী । তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং সে একাধিকবার জেলও খেটেছে। কিন্তু জেল থেকে জামিনে এসে আবারও মাদকের কারবার শুরু করে । অতিষ্ট হয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসী তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। ঘটনার পর থেকে মাদককারবারি আলআমিনের পরিবার পালিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ,“আলামিন শেখ, তার স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বাধা দিলেও তারা মানেনি। তাই আজ তাদের বাড়িতে হামলা চালিয়েছে স্থাণীয় বিক্ষুদ্ধ লোকজন।
তবে স্থানীয় সাংবাদিকের কাছে ভুক্তভোগী পরিবারের দাবি, মাদক ব্যবসার অভিযোগকে সামনে এনে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।
আলামিন শেখের মেয়ে রুজিনা আক্তার (৩২) বলেছেন, “আমাদের বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সেই বিরোধের জের ধরেই এলাকার কিছু লোক বাইরের লোকজন এনে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। তারা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২৫ মণ ধান ও চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় আমার মাকেও মারধর করা হয়েছে।
মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে তিনি বলেন,“আমার বাবা মাদক সেবন করেন, তবে তিনি মাদক বিক্রি করেন না।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা মো. সম্রাট আকবর (২৫) দাবি করেন,আলামিন শেখ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলেন,একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরও জামিনে বেরিয়ে এসে তিনি আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় লোকজন তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
একই গ্রামের বাসিন্দা মো. হিরা মিয়া (২৯) বলেন,“আলামিন শেখ, তার স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী অনেকবার সতর্ক করলেও তারা তা আমলে নেয়নি। পরে জুমার নামাজের পর কয়েকশ মানুষ একত্রিত হয়ে তার বাড়িঘরে ভাঙচুর চালায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন,“বিষয়টি শুনেছি ঘটনাটি খতিয়ে দেখে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”













