মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা:: বরগুনায় মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানীমূলক মামলা করার দায়ে মামলার অভিযোগকারী/বাদীকে ০৫ (পাঁচ) হাজার টাকা অর্থদন্ড ও খালাসপ্রাপ্ত আসামীদের নিকট ০৫ (পাঁচ) হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরগুনার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: রানা শেখ -এ রায় ঘোষণা করেন।
বরগুনার ১০নং নলটোনা ইউনিরয়ন পরিষদ এর শিয়ালিয়া গ্রামের মৃত আ: মজিদ হাওলাদারের ছেলে মো: জালাল আহমেদ (৪৫) ৭১শতক জমির ধান চুরি ও মারধরের অভিযোগে একই এলাকার মো: খালেক হাওলাদারসহ ৮ জনকে আসামী করে গত বছর (২০২৫) একটি সিআর মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, বাদী যে জমির ধান চুরির অভিযোগ আসামীদের বিরুদ্ধে আনয়ন করেছেন, সেই জমির মালিকানা ও দখল কোনটাই প্রমাণ করতে পারেননি।
আদালত পর্যালোচনায় বলেছেন, বাদীর পিতা আ: মজিদ তার জীবদ্দশায় বিভিন্ন রেজিস্ট্রিকৃত দলিলে যে জমি বিক্রি করে গেছেন, বাদী সে সব জমির মালিকানা দাবী করে ঐ জমি থেকে আসামীদের বিরুদ্ধে ধান চুরির অভিযোগ করেছেন। আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ বাদী প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত আসামীদের খালাস প্রদান করেছেন।
একই সাথে দাবীকৃত জমিতে বাদীর মালিকানা ও দখল প্রমাণের মাধ্যমে আসামীদের বিরুদ্ধে ধান চুরির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসামীদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানীমূলক মামলা করায় আদালত বাদীকে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ২৫০(২) ও ২৫০ (৫) ধারা মোতাবেক কেন বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না; তা তাৎক্ষণিক কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।
বাদী কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় মিথ্যা ও হয়রানীমূলক মামলা করার অপরাধে আদালত বাদীকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও খালাসপ্রাপ্ত আসামীদের বরাবর ৫ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের, অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানের নির্দেশ দেন। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের পেশকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
















