আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহ জেলায় রুফটপ সোলার স্থাপন ও সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডার ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উদ্যোগে আয়োজিত সভায় রুফটপ সোলার স্থাপন, সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার, প্রধান প্রকৌশলী, বিতরণ কেন্দ্রীয় অঞ্চল, বিউবো, ময়মনসিংহ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন আগ্রহী প্রতিষ্ঠান, বিদ্যুৎ গ্রাহক ও সার্ভিস প্রোভাইডাররা অংশ নেন।
সভায় রুফটপ সোলার স্থাপনের সম্ভাবনা, প্রয়োজনীয় প্রক্রিয়া, সার্ভিস প্রোভাইডারদের ভূমিকা, গ্রাহকদের বিভিন্ন সমস্যা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা রুফটপ সোলারের প্রসার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতে সৌরবিদ্যুতের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।















