খাইরুল ইসলাম, নেত্রকোনা :: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফ্যামিলি কার্ডের তালিকায় প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে সচ্ছলদের অন্তর্ভুক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তীব্র ক্ষোভ প্রকাশ করার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন।
ডেপুটি স্পিকারের কড়া হুঁশিয়ারি: গত ১৬ মে কলমাকান্দায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, “যে ঘরে বসার চেয়ার নেই, মাথার ওপর চাল নেই- তারা বঞ্চিত; অথচ সচ্ছলদের নাম তালিকায়!” দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি।
তাৎক্ষণিক ব্যবস্থা: কড়া বার্তার পরপরই কলমাকান্দা সমাজসেবা অফিসের মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
মাঠে ঢাকার উচ্চপর্যায়ের দল: সমাজসেবা অধিদপ্তরের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে এসে সরাসরি মাঠে নেমেছে। তারা ১৮ থেকে ২০ মে পর্যন্ত ৭৯৪ জনের তালিকাটি বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই করছেন।
নেত্রকোনা জেলা সমাজসেবা উপ-পরিচালক জানিয়েছেন, চলমান তদন্তের অংশ হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকেও শিগগিরই প্রত্যাহার করা হতে পারে।













